বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছেন কোচ থমাস টুখেল। তার পরবর্তী লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়া। এরচেয়ে ভালো কোনো অবস্থানের সারা বিশ্বে আর কোথাও তিনি দেখতে পাচ্ছেন না। বিষয়টি উপভোগও করছেন টুখেল।
ডিআর কঙ্গো এবং সহ-আয়োজক মেক্সিকোকে হারানোর পর শনিবার টানটান উত্তেজনার কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ গোলের জয় তুলেছে থ্রি লায়ন্সরা। বুধবার আটলান্টায় জমজমাট সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলা হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
বিশ্বকাপ নিয়ে টুখেল বলেন, ‘অভিজ্ঞতাটা বেশ ভালো। আমি খুব উপভোগ করছি। এই মুহূর্তগুলোতে আমি নিজেকে অত্যন্ত প্রাণবন্ত অনুভব করি। মাঠে দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া, সেখানে উপস্থিত থাকা, সব প্রস্তুতি শেষে যখন মাঠে নামি এবং ম্যাচের ঠিক আগের ওই দুই-তিন মিনিট তখন নিজেকে খুব সজীব অনুভব করি।’
‘আমি ঠিক এই জায়গাতেই থাকতে চাই। এই মুহূর্তগুলোতে পৃথিবীর অন্য কোথাও থাকার কথা আমি ভাবতেও পারি না। এমনকি ঠিক এই মুহূর্তে পুরো পৃথিবীর আর কোথাও নয়।’
আর্জেন্টিনার বিপক্ষে প্রস্তুতির কথা জানিয়ে টুখেল আরও বলেন, ‘আমি খুব উপভোগ করছি। তবে প্রতি তিন-চার দিন পর নকআউট ম্যাচ খেলাটা সত্যিই এক ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ। আমি সেটা স্বীকার করছি। তাই এখন আমারও কিছুটা সময়ের প্রয়োজন। আমরা খেলোয়াড়দের রোববার পর্যন্ত পুরোপুরি সেরে ওঠার সুযোগ দেব এবং বিকেলের দিকে কোচিং স্টাফদের সাথে পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করব।’

