
ফ্রান্সে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিবিসি নিউজ এই তথ্য জানায়।
গুরুতর আহত ১৮ বছর বয়সী এক তরুণীকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, নরমান্ডির রুয়া ও ক্যানের মধ্যে চলাচলকারী ওই ট্রেনটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় রুওয়ার ঠিক দক্ষিণে ক্লোঁ এলাকার কাছে ঘটা এই দুর্ঘটনার স্থানে ১৪০ জন অগ্নিনির্বাপক কর্মী ও অন্যান্য জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।
ট্রেনটি কেন লাইনচ্যুত হলো, তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সময় রাত ৮টার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটে। এর পরপরই স্থানীয় কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা ও উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে যাত্রীদের নেমে আসার ছবি সামনে এসেছে। ফ্রান্স গণমাধ্যম জানিয়েছে, ট্রেনটির তিনটি বগি উল্টে গেছে।
ফ্রান্সের সরকারি রেলওয়ে কোম্পানি এসএনসিএফ জানিয়েছে, এই এলাকার রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে।
কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
