কলকাতা: সবুজ দ্বীপের রাজা থেকে জয় বাবা ফেলুনাথ, তাঁর অভিনয় করা সিনেমার তালিকা বেশ দীর্ঘ। টলিউটের পরিচিত মুখ বিপ্লব চট্টোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখে মন খারাপ হয় অনুরাগীদের। অভিনেতার ছবির তলায় লেখা, ‘প্রয়াত’। আর সেই ছবি দেখে অনেক শেয়ার করতে শুরু করেন। শোকবার্তাও দিতে শুরু করেন। অবশেষে মুখ খুললেন অভিনেতা নিজেই।

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের তরফ থেকে মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়, বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। অভিনেতা নিজেই বার্তা দিয়েছেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ভিডিয়োবার্তায় অভিনেতা বলেছেন, “আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।” আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।

সব শেষে অভিনেতা বলেন, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।”

বিপ্লব চট্টোপাধ্যায় জানিয়েছেন, খবরটা ছড়াতেই তাঁর পরিবার ও প্রতিবেশীদের কাছে ফোন আসতে শুরু করেছে। সবাই বিষয়টাতে বিরক্ত। এমনটা যেন আর না হয়, তার জন্য হাত জড় করে অনুরোধ করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *