
ছবি: সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশে ম্যালেরিয়া প্রতিরোধে বিতরণ করা ক্লোরোকুইন ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫২ জন হাসপাতালে ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির পোলাভারাম জেলার গোল্লাগুপ্পা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানান, তেলেঙ্গানা রাজ্যের সীমান্তবর্তী ওই গ্রামের ৭১ জনকে ম্যালেরিয়া প্রতিরোধে ক্লোরোকুইন ট্যাবলেট দেওয়া হয়েছিল। ওষুধ খাওয়ার পর তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে প্রশাসন ২৯ জনকে তেলেঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
অসুস্থদের মধ্যে ছিল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাত বছর বয়সী মাদিভি যমুনা। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তবে চিকিৎসাধীন অন্য রোগীদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পোলাভারামের জেলা কালেক্টর দিনেশ কুমার। তিনি বলেন, ‘বর্তমানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল। মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
ঘটনার পর জেলা প্রশাসন তিনজন শিশু বিশেষজ্ঞসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকটি দল মোতায়েন করেছে। পাশাপাশি একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে আক্রান্তদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কর্মকর্তাদের আক্রান্তদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কাকিনাড়া সরকারি জেনারেল হাসপাতাল থেকে নয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ইতোমধ্যে গ্রামে পৌঁছেছে। বিজয়ওয়াড়া, রাজামহেন্দ্রভারম ও কাকিনাড়া থেকে আরও তিনটি চিকিৎসক দল তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ও জেলা কালেক্টরের সঙ্গে কথা বলে আক্রান্তদের অসুস্থ হওয়ার পরিস্থিতি, দেওয়া চিকিৎসা এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন।
ক্লোরোকুইন ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত একটি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ। এটি রক্তে হিমের মাত্রা বাড়িয়ে ম্যালেরিয়ার পরজীবীর জন্য বিষাক্ত পরিবেশ তৈরি করে এবং পরজীবী ধ্বংসে সহায়তা করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
