সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপ ২০২৬ এর এবারের আসরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলা বাংলাদেশ পাকিস্তানের কাছে ৩-০ সেটের ব্যবধানে হেরে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আসরে দুর্দান্ত খেলে ফাইনালে আসা লাল-সবুজের প্রতিনিধিরা অবশ্য গ্রুপপর্বে পাকিস্তানের কাছেই একমাত্র হার দেখেছিল। তবে চ্যাম্পিয়নের শিরোপা জিততে না পারলেও এবারের আসরে বাংলাদেশের প্রাপ্তির তালিকা একেবারেই কম নয়। 

প্রায় তিন বছর পর ২০২৫ সালে কাভা কাপের মাধ্যমে ভলিবলের আন্তর্জাতিক আসরে ফেরা বাংলাদেশ ওই আসরে চতুর্থ হয়েছিল। এবার আসরে ফাইনালের সাথে যুক্ত হয়েছে ব্যক্তিগত সেরার তিন সাফল্য। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে এই সাফল্য এনে দিয়েছেন মো. আল আমিন, মো. নাঈম হোসেন এবং মো. শাওন আলী।

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তবে ফাইনাল খেলা বাংলাদেশের আল আমিন এককভাবে কাভা কাপ মেনস চ্যাম্পিয়নশিপ-২০২৬ বেস্ট সেটার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর সাবেক শিক্ষার্থী আল আমিন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। জাতীয় পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনী দলে খেলেন।

কাভা কাপ মেনস চ্যাম্পিয়নশিপ-২০২৬ বেস্ট মিডল ব্লকার-২ অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন নাঈম হোসেন। উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছিল এ কুইক অ্যাটকারের হাতে। নাঈম স্বশস্ত্র বাহিনী বাংলাদেশ আর্মিতে কর্মরত এবং খেলেন ওই দলের হয়ে।

কাভা কাপ মেনস চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বেস্ট লিবারো অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন শাওন আলী। বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত শাওনের লক্ষ্য ‘এশিয়ার সেরা লিবারো’ হওয়া। মধ্য এশিয়ার ভলিবল আসরে সেরার পুরস্কার জেতা শাওন সে পথেই এগোচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *