পর্তুগালের লাল জার্সি পরা ক্রিস্টিয়ানো রোনালদো নিচের দিকে তাকিয়ে আছেন এবং তার ডান হাতের একটি আঙুল চোখের কাছে কপালে ঠেকানো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচেই রোনালদোর পারফামেন্স নিয়ে সমালোচনা তৈরি হয়েছে

“গোলটা দলের দরকার, তোমার একার নয়”।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর (ডিআর কঙ্গো) সাথে ১-১ গোলে ড্র করে পর্তুগাল যখন মাঠ ছাড়ছে, তখন ফুটবল দুনিয়ায় আলোচনা চলছে এই একটি বাক্য নিয়ে। কোনো রাখঢাক না রেখেই কথাটি বলেছেন ফরাসি কিংবদন্তি এবং বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি।

ফক্স টেলিভিশনের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে বসে তিনি ভিডিও ফুটেজ ধরে দেখিয়েছেন, কীভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর পজিশনিং দলের প্রধান মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের খেলার জায়গা বন্ধ করে দিচ্ছিল, কীভাবে নিজের গোলের তাড়া পুরো পর্তুগালের আক্রমণভাগের স্বাভাবিক ছন্দ নষ্ট করছিল।

একটি নির্দিষ্ট আক্রমণের উদাহরণ দিয়ে অঁরি দেখান, সেখানে সহজ ব্যাকপাস দিলে খেলা আরও ভালো অবস্থানে যেতে পারত। কিন্তু রোনালদো নিজে গোল করতে চাইছিলেন বলেই পেছনের পাসের লাইনে ঢুকে পড়েছিলেন। ফলে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডার একসাথে তাকে কভার করার সুযোগ পায়, যা কঙ্গোর জন্য রক্ষণভাগ সামলানো সহজ করে দিয়েছিল।

ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, বের্নার্দো সিলভা, হোয়াও নেভেস কিংবা রাফায়েল লেয়াও—ইউরোপের যেকোনো বড় দলকে চ্যালেঞ্জ জানানোর মতো প্রতিভা এখন পর্তুগাল দলে। এর পরও কঙ্গোর মতো দলের বিরুদ্ধে কেন পয়েন্ট হারাতে হলো দলটিকে, সেই উত্তর খুঁজতে গেলে এখন ৪১ বছর বয়সী অধিনায়কের দিকেই তাকাতে হচ্ছে ফুটবল বিশ্লেষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *