খবর অনলাইন ডেস্ক: কমনওয়েলথ গেমসে জুডোতে স্মরণীয় দিন কাটাল ভারত। শুক্রবার মহিলাদের ৪৮ কেজি এবং পুরুষদের ৬০ কেজি বিভাগে যথাক্রমে অস্মিতা দে ও হর্ষ সিংহ সোনার পদক জিতে দেশের গৌরব বাড়ালেন। দুই ভারতীয় জুডোকার দুরন্ত পারফরম্যান্সে পদক তালিকায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ভারত।
গোল্ডেন স্কোরে জয় অস্মিতার
মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচের বিরুদ্ধে অসাধারণ প্রত্যাবর্তন করে সোনা জেতেন ত্রিপুরার ২৩ বছর বয়সি অস্মিতা দে। ম্যাচের শুরুতেই তিনি একটি ইউকো হারান এবং পরে একটি পেনাল্টিও পান। ফলে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় কানাডার প্রতিপক্ষের হাতে।
– বিজ্ঞাপন –
তবে হাল ছাড়েননি অস্মিতা। আরও আক্রমণাত্মক কৌশল নিয়ে তিনি ম্যাচে ফিরে আসেন এবং নির্ধারিত চার মিনিটের ম্যাচের মাঝামাঝি সময়ে স্কোর ১-১ সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ে একাধিক তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কেউই নির্ণায়ক পয়েন্ট তুলতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোরে, যেখানে প্রথম সফল স্কোরই বিজয় নির্ধারণ করে।
চাপের মুহূর্তেও অসাধারণ সংযম দেখান অস্মিতা। অতিরিক্ত সময়ে তিনি দুর্দান্ত একটি আক্রমণ করে আরও একটি ইউকো অর্জন করেন এবং সেই সুবাদে জয় নিশ্চিত করে ভারতের ঝুলিতে সোনার পদক যোগ করেন। শুরুতে পিছিয়ে পড়েও যে ভাবে তিনি ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিলেন, তা তাঁর লড়াকু মানসিকতারই প্রমাণ।
১০-০ ব্যবধানে জয় হর্ষের
অন্যদিকে পুরুষদের ৬০ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার জোশুয়া ক্যাটজকে ওয়াজা-আরি (১০-০) ব্যবধানে হারিয়ে সোনা জেতেন হর্ষ সিংহ।
ফাইনালের শুরু থেকেই ক্যাটজ আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও হর্ষ দৃঢ় রক্ষণে তাঁকে কোনও পয়েন্ট তুলতে দেননি। ম্যাচের প্রথম ভাগে দুই প্রতিযোগী একাধিক আক্রমণ চালালেও কেউই স্পষ্ট সুবিধা আদায় করতে পারেননি। এক সময় ক্যাটজ প্রায় হর্ষকে চেপে ধরেছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে পাল্টা আক্রমণ করেন ভারতীয় জুডোকা।
বিজ্ঞাপন
ম্যাচের নির্ণায়ক মুহূর্ত আসে ৩ মিনিট ১৯ সেকেন্ডে। হর্ষ নিখুঁত সময়ে একটি সফল থ্রো করেন এবং সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে এনে ওয়াজা-আরি অর্জন করেন। সেই স্কোরই শেষ পর্যন্ত তাঁকে সোনার পদক এনে দেয়।
৫ সোনা-সহ ভারতের ঝুলিতে ১৯ পদক
এই দুই সোনা জয়ের ফলে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ১৯। এর মধ্যে রয়েছে ৫টি সোনা, ৯টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ।
ভারতের সোনাজয়ীরা হলেন— মীরাবাই চানু (মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন), শর্মিলা ধানকর (মহিলাদের এফ-৫৭ শটপুট), দিলীপ গাভিত (পুরুষদের টি-৪৭ ১০০ মিটার), অস্মিতা দে (মহিলাদের ৪৮ কেজি জুডো) এবং হর্ষ সিংহ (পুরুষদের ৬০ কেজি জুডো)।
রুপোর পদক জিতেছেন ঋষিকান্ত সিং, মুথুপান্ডি রাজা, জ্ঞানেশ্বরী যাদব, সর্বেশ কুশারে, ভাল্লুরি অজয়া বাবু, হরজিন্দর কৌর, গুলবীর সিং, মুরলি শ্রীশঙ্কর, মহম্মদ বাসিল এবং লাভপ্রীত সিং।
ব্রোঞ্জ জিতেছেন ঝান্ডু কুমার, বিন্দিয়ারানি দেবী, শিল্পা কে শায়লা এবং সীমা কালিরামনা।
