খবর অনলাইন ডেস্ক: রাত জাগা সার্থক হল ভারতের দর্শকদের। সোমবার শেষ রাত পর্যন্ত চলা প্রতিযোগিতায় ভারতের ক্রীড়াবিদরা অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স এবং ভারোত্তোলনে মিলিয়ে মোট ছয়টি পদক জিতে দেশের সাফল্যের ঝুলি আরও ভারী করেছেন। পাশাপাশি বক্সিং ও ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একাধিক ইভেন্টে ভারতীয় প্রতিযোগীরা পদকের লড়াইয়ে নিজেদের জায়গা ধরে রেখেছেন।
সোমবারের সাফল্যের পরে ভারতের পদকসংখ্যা দাঁড়িয়েছে ১০ – ২টি সোনা, ৫টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত ভারোত্তোলনে ও প্যারা অ্যাথলেটিক্সে সোনা এনেছেন মীরাবাই চানু ও শর্মিলা ধানকর। ভারোত্তোলনে ৪টি ও অ্যাথলেটিক্সে ১টি রুপো এনেছেন যথাক্রমে ঋষিকান্ত সিংহ, রাজা মুথুপান্ডি, জ্ঞানেশ্বরী যাদব, ভাল্লুরি অজয় বাবু এবং সর্বেশ কুশারে। আর ৩টি ব্রোঞ্জ এনেছেন প্যারা পাওয়ার লিফটিং-এ ঝান্ডু কুমার, মহিলাদের ভারোত্তোলনে বিন্দিয়ারানি দেবী এবং প্যারা অ্যাথলেটিক্সে শিলপা কে শায়লা।
– বিজ্ঞাপন –
পদক তালিকায় কে কোথায়
পদক তালিকায় ভারত আপাতত রয়েছে ৮ম স্থানে। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (২৬ সোনা, ১৩ রুপো, ২০ ব্রোঞ্জ), দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (৮ সোনা, ১৩ রুপো, ১১ ব্রোঞ্জ) এবং তৃতীয় স্থানে কানাডা (৭ সোনা, ৮ রুপো, ৬ ব্রোঞ্জ)। এর পরের দেশগুলি হল যথাক্রমে নাইজেরিয়া, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা এবং মালয়েশিয়া।

পুরুষদের হাই জাম্প ফাইনালে সর্বেশ কুশারে রুপোর পদক জিতলেন।
ভারতের পারফরম্যান্স
ভারোত্তোলন আবার ভারতের জন্য সবচেয়ে সফল বিভাগ হিসেবে উঠে এসেছে। মহিলাদের ৫৩ কেজি ওজন বিভাগের ফাইনালে জ্ঞানেশ্বরী যাদব রুপোর পদক জিতেছেন। মহিলাদের ৫৮ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে পুরুষদের ৭৯ কেজি বিভাগের ফাইনালে ভাল্লুরি অজয় বাবু রুপোর পদক জিতে ভারতের পদকসংখ্যা আরও বাড়িয়ে দেন। পুরুষদের ৬৫ কেজি বিভাগে রুপো জিতেছেন রাজা মুথুপান্ডি।
অ্যাথলেটিক্সেও ভারত সাফল্য পেয়েছে। পুরুষদের হাই জাম্প ফাইনালে সর্বেশ কুশারে রুপোর পদক জিতে দেশের জন্য আরও একটি পদক নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
প্যারা অ্যাথলেটিক্সে ভারতের জন্য দিনটি ছিল ঐতিহাসিক। মহিলাদের শট পুট এফ-৫৭ বিভাগে শর্মিলা ধানকর সোনার পদক জিতে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটান। তিনি কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েন।
একই ইভেন্টে পরে শিলপা কে শায়লা একটি প্রতিদ্বন্দ্বীর অযোগ্য ঘোষণার পর ব্রোঞ্জ পদক লাভ করেন। এর ফলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবারের মতো একই প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে ভারত দুটি পদক জয়ের কৃতিত্ব অর্জন করে।
গ্লাসগো কমনওয়েলথ গেমসেজ পঞ্চম দিনেও ভারতের সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে। এ দিন দেশের জাতীয় রেকর্ডধারী গুলবীর সিং প্রতিযোগিতায় যোগ দেবেন। তিনি লরবেন পুরুষদের ৫০০০ ও ১০০০০ মিটার দৌড়ে। তাঁর দিকে থাকবে ভারতীয় সমর্থকদের বিশেষ নজর।
