কলকাতা: ভাড়াবৃদ্ধি-সহ ১১ দফা দাবিতে সোমবার ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দিল সিটু-সমর্থিত অ্যাপ ক্যাব চালকদের সংগঠন। ধর্মঘট চলবে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর জেরে ওলা, উবের-সহ বিভিন্ন অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংগঠনের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ১১টায় মৌলালি রামলীলা পার্কে অ্যাপ ক্যাব চালকদের জমায়েত হবে। সেখান থেকে মিছিল করে পরিবহণ দপ্তরে যাওয়ার কর্মসূচি রয়েছে। সরকারের উদ্দেশে স্মারকলিপিও জমা দেওয়া হবে।

– বিজ্ঞাপন –

সিটুর এক নেতা বলেন, “আগের সরকারের কাছেও আমরা এই দাবিগুলি জানিয়েছিলাম। বর্তমান সরকারের কাছেও একই দাবি তুলে ধরা হয়েছে। যদি পরিবহণ দপ্তর আমাদের প্রতিনিধিদলকে সময় দেয়, তাহলে আমরা ডেপুটেশন দেব।” তিনি সমস্ত অ্যাপ ক্যাব চালকদের কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন।

সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল—

  • অ্যাপ ক্যাবের ভাড়ার পুনর্গঠন
  • বাণিজ্যিক পরিষেবায় ব্যক্তিগত (প্রাইভেট) বাইক ও গাড়ির ব্যবহার বন্ধ
  • কলকাতায় সিএনজির সংকটের সমাধান
  • বাণিজ্যিক গাড়ির পলিউশন সার্টিফিকেটের ক্ষেত্রে মোবাইল নম্বর-ভিত্তিক জটিলতা দূর করা
  • এসি লাক্সারি ক্যাবের ভাড়া বৃদ্ধি
  • চালকদের অন্যান্য কর্মসংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান

বর্তমানে কলকাতা ও সংলগ্ন এলাকায় যাতায়াতের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব পরিষেবা। অফিসযাত্রী থেকে শুরু করে বিমানবন্দর বা রেলস্টেশনে যাতায়াত—প্রতিদিনই হাজার হাজার মানুষ এই পরিষেবার উপর নির্ভর করেন। ফলে সোমবারের ধর্মঘটের জেরে সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

এদিকে, সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ হয়নি। তাই বাধ্য হয়েই ধর্মঘটের পথে হাঁটতে হয়েছে।

বিজ্ঞাপন

ধর্মঘটের প্রভাব কতটা পড়ে এবং সরকারের তরফে কোনও আলোচনা বা হস্তক্ষেপের উদ্যোগ নেওয়া হয় কি না, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *