হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অবাধ বিচরণ। বেডের নিচে গিজগিজ করছে ইঁদুর। মাঝে মাঝে আবার উঠে পড়ছে বিছানাতেও। এই সব ঘটনায় রাতের ঘুম ছুটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগীদের। সম্প্রতি হাসপাতালে ইঁদুরের উপদ্রপের ছবি, ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপার জানান, বিষয়টি তাঁদের নজরে রয়েছে। হাসপাতাল থেকে ইঁদুর নির্মূল করারও আশ্বাস দেন তিনি।
রোগী ও তাঁদের পরিবারের অভিযোগ, দিন-রাত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে ইঁদুরের দল। বিশেষ করে রাতের দিকে রোগীদের বিছানায় উঠে পড়ছে ইঁদুর। ফলে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের। অনেকের দাবি, এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরেই হাসপাতালের ওয়ার্ডে ইঁদুরের উপদ্রব চলছে। সম্প্রতি তার কিছু ছবি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়।
আরও পড়ুন:
হাসপাতালের এমন পরিস্থিতিতে ওয়ার্ডের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা। তাঁদের দাবি, দ্রুত ইঁদুরের উপদ্রব বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিক হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। তিনি জানান, ইতিমধ্যেই ইঁদুর ধরার কল আনা হয়েছে। দ্রুত ইঁদুরের উপদ্রব নির্মূল করা হবে। তবে কবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে, এখন সেই প্রশ্নই তুলছেন রোগী ও তাঁদের পরিবার পরিজনরা। তাঁদের মধ্যে ক্ষোভও বাড়ছে। তবে এ ব্যাপারে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, “খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
