দুধ, দই, পনির, মাখন, চিজ-সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যের প্যাকেটে আসতে চলেছে নতুন লোগো। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI একটি অভিন্ন ‘মিল্ক ড্রপ’ বা দুধের ফোঁটার লোগো চালু করেছে। ২০২৮ সালের ১ জুলাই থেকে দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেজিংয়ে এই লোগো ব্যবহার বাধ্যতামূলক হবে। নতুন এই নিয়মের ফলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের দুগ্ধজাত পণ্য সহজে চিহ্নিত করতে পারবেন ক্রেতারা।
নতুন লোগোতে নীল বর্গক্ষেত্রের মধ্যে সাদা রঙের দুধের ফোঁটার ছবি থাকবে। FSSAI জানিয়েছে, দোকানে কেনাকাটার সময় দুধ ও দুগ্ধজাত পণ্য সহজে চিনতে পারবেন ক্রেতারা, সেই লক্ষ্যেই এই অভিন্ন চিহ্ন চালু করা হয়েছে। সংস্থাটি ইনস্টাগ্রামে জানিয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের ক্ষেত্রে একই ধরনের পরিচিতি তৈরি করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
– বিজ্ঞাপন –
কোন কোন পণ্যের প্যাকেটে থাকবে নতুন লোগো?
FSSAI-এর সংশোধিত নিয়ম অনুযায়ী, দুধ ও দুগ্ধজাত সব ধরনের পণ্যের প্যাকেটে এই লোগো ব্যবহার করতে হবে। এর মধ্যে রয়েছে দুধ, দই, পনির, মাখন, চিজ এবং অন্যান্য দুধ-ভিত্তিক পণ্য। কম্পোজিট মিল্ক প্রোডাক্ট বা মিশ্র দুগ্ধজাত পণ্যও এই নিয়মের আওতায় আসবে। অর্থাৎ, কোনও নির্দিষ্ট ব্র্যান্ড নয়, বাজারে বিক্রি হওয়া সমস্ত প্রযোজ্য দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।
প্যাকেটের প্রধান প্রদর্শনযোগ্য অংশ বা ‘প্রিন্সিপাল ডিসপ্লে প্যানেল’-এ নতুন লোগোটি রাখতে হবে। প্যাকেটের ওই অংশের আয়তনের ভিত্তিতে লোগোর ন্যূনতম মাপও নির্দিষ্ট করে দিয়েছে FSSAI।
প্যাকেটের মাপ অনুযায়ী লোগোর আকার
নতুন নিয়মে নীল বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর ন্যূনতম মাপ হবে—
- ৬ মিলিমিটার: প্রিন্সিপাল ডিসপ্লে প্যানেলের আয়তন ১০০ বর্গ সেন্টিমিটার পর্যন্ত হলে।
- ৮ মিলিমিটার: ১০০ বর্গ সেন্টিমিটারের বেশি এবং ৫০০ বর্গ সেন্টিমিটার পর্যন্ত হলে।
- ১২ মিলিমিটার: ৫০০ বর্গ সেন্টিমিটারের বেশি এবং ২,৫০০ বর্গ সেন্টিমিটার পর্যন্ত হলে।
- ১৬ মিলিমিটার: ২,৫০০ বর্গ সেন্টিমিটারের বেশি আয়তনের প্যাকেটের ক্ষেত্রে।
নীল বর্গক্ষেত্রের ভিতরে থাকা সাদা দুধের ফোঁটার উচ্চতা ও প্রস্থের ক্ষেত্রেও নির্দিষ্ট মাপ অনুসরণ করতে হবে। এর ফলে ছোট-বড় সব ধরনের প্যাকেটেই লোগোটি সহজে চেনা যাবে।
বিজ্ঞাপন
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?
FSSAI-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৮ সালের ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ফলে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলি প্যাকেজিং ও লেবেল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় পাবে।
এই সংক্রান্ত সংশোধনী ‘Food Safety and Standards (Labelling and Display) Second Amendment Regulations, 2026’-এর মাধ্যমে আনা হয়েছে। ২০২৬ সালের ৬ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে ৯ নভেম্বর তা ভারতের গেজেটে প্রকাশ করা হয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই বিষয়ে খসড়া প্রস্তাব প্রকাশ করে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত ও আপত্তি চেয়েছিল FSSAI।
নতুন লোগো কি পণ্যের গুণমানের নিশ্চয়তা দেবে?
FSSAI-এর এই উদ্যোগের মূল লক্ষ্য হল দুধ ও দুগ্ধজাত পণ্যের জন্য একটি অভিন্ন পরিচিতি তৈরি করা। বিভিন্ন সংস্থার প্যাকেটের নকশা আলাদা হলেও নতুন লোগোর মাধ্যমে ক্রেতারা সহজেই দুগ্ধজাত পণ্য শনাক্ত করতে পারবেন।
তবে এই লোগোকে পণ্যের গুণমানের আলাদা শংসাপত্র বা ভেজালমুক্ত হওয়ার নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না। এটি মূলত পণ্যের পরিচিতি ও লেবেল সংক্রান্ত একটি বাধ্যতামূলক নির্দেশ।
