কলকাতা: দুর্গাপুজোয় রাজ্যবাসীর জন্য ঢেলে সাজানো হচ্ছে পরিবহন ব্যবস্থা। ইতিমধ্যেই বাসে বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। তবে, বাসের পাশাপাশি জলপথেও হচ্ছে পুজো পরিক্রমা। সপ্তমী থেকে নবমী কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে নিয়ে যাবে এই লঞ্চ। কোন রুটে ব্যবস্থা থাকবে, ভাড়া কত, তাও জানিয়েছে পরিবহন দফতর।

সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। হাওড়া জেটি ঘুরে লঞ্চ পৌঁছবে আহিরীটোলা ঘাটে। সেখান থেকে এসি বাসে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে আহিরীটোলা সংলগ্ন পুজো, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বলরাম মন্দির, শ্রীশ্রী মায়ের বাড়ি এবং বাগবাজার সর্বজনীন পুজোমণ্ডপে।

এরপর ফের বাগবাজার স্টিমার ঘাট থেকে লঞ্চে তুলে হাওড়া জেটি ঘুরে দর্শনার্থীদের মিলেনিয়াম পার্কে ফিরিয়ে আনা হবে। গোটা পরিক্রমায় সময় লাগবে আনুমানিক পাঁচ ঘণ্টা। জনপ্রতি ভাড়া ৮০০ টাকা।

পুজোর ভিড়ে সাধারণ মানুষের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন পুজো দেখার সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। পুজো পরিক্রমা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর হল- ৮৬৯৭৭৩৩৩৯১, ৮৬৯৭৭৩৩৩৯২। হোয়াটসঅ্যাপ নম্বর-৯৮৩০১৭৭০০০।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *