কলকাতা: পুজোর মুখে কলকাতা ও শহরতলিতে বাড়ছে সরকারি বাসের সংখ্যা। আরও ১০০ বাস নামছে রাস্তায়। বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন দফতরের তাঁবুতে পুজো পরিক্রমা সংক্রান্ত বুকলেট প্রকাশ অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী জানান, ইতিমধ্যেই ৫০টি নতুন সরকারি এসি বাস রাস্তায় নামানো হয়েছে। এবার আরও প্রায় ১০০টি নতুন বাস পরিষেবায় যুক্ত করা হবে। একইসঙ্গে পুজোর (Durga Puja) ভিড় সামাল দিতে সারারাত সরকারি বাস (Durga Puja Bus Service) পরিষেবার ঘোষণা করেছেন তিনি।

সারারাত সরকারি বাস পরিষেবা

পরিবহন মন্ত্রী জানান, পুজোর ভিড় সামাল দিতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারা রাত বাস চলবে। দশমীর দিনও মধ্যরাত পর্যন্ত বাস পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে। ফলে রাতে ঠাকুর দেখতে বেরোলে দর্শনার্থীদের যাতায়াতে সুবিধা হবে।

পুজো পরিক্রমা

এর পাশাপাশি পুজোর চারদিন বিশেষ পুজো পরিক্রমার ব্যবস্থাও থাকছে। ভলভো এসি বাসে উত্তর ও দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির পুজো দেখার সুযোগ মিলবে। এসপ্ল্যানেড ও বারাসত থেকে বিশেষ বাসে মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, জোড়াসাঁকো, জানবাজার-সহ একাধিক ঐতিহ্যবাহী পুজো পরিক্রমা হবে।

নামী বারোয়ারি পুজোর জন্যও থাকবে বিশেষ বাস। একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন-সহ একাধিক পুজো দেখানো হবে। শহরতলি থেকেও চলবে বিশেষ সিএনজি বাস।

বাসের পাশাপাশি এসপ্ল্যানেড-শ্যামবাজার-গড়িয়াহাট রুটে এসি ট্রাম এবং মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে উত্তর কলকাতার পুজো পরিক্রমার ব্যবস্থাও রাখা হয়েছে। পুজো পরিক্রমার বাসে জলখাবার, মধ্যাহ্নভোজ, চা ও পানীয় জলের পাশাপাশি যাত্রী সহায়ক এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *