নির্বাচন কমিশনের (ইসি) সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক চূড়ান্তভাবে নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির তিন নেতার আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠক শেষে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। পরে সন্ধ্যায় তারা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন।
ইসি সচিবের বক্তব্য অনুযায়ী, শাপলা প্রতীক তফসিলে না থাকায় তা প্রদান সম্ভব নয়-গত ৩০ সেপ্টেম্বরই এনসিপিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন দলটি যদি বিকল্প প্রতীক না দেয়, তাহলে কমিশন নিজেই তাদের জন্য প্রতীক নির্বাচন করবে, যা আগামী সভায় চূড়ান্ত হবে।
এনসিপি ‘বাংলাদেশ জাতীয় লীগ’ নামে একটি নতুন দলের নিবন্ধনের বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে। এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় লীগের কোনো গঠনতন্ত্র, কার্যালয় বা মাঠপর্যায়ের সংগঠন নেই। এমন দল কীভাবে নিবন্ধন পেল, তা সন্দেহজনক।
প্রবাসী ভোটারদের জন্য ভোটার অ্যাপ চালু করতে বিলম্বের কারণে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। তাদের মতে, এতে বিপুলসংখ্যক প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন। নির্বাচন কমিশন জানিয়েছে, অক্টোবরের মধ্যেই অ্যাপটি চালু করা হবে।
এছাড়া ৩১ অক্টোবরের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন না, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেছে এনসিপি। তাদের দাবি, নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তাদেরকেও ভোটার তালিকায় থাকতে হবে।
এনসিপি বর্তমানে তাদের প্রতীকের দাবি, নিবন্ধন সংক্রান্ত বিষয়, জাতীয় লীগের নিবন্ধন, প্রবাসী ভোটার অ্যাপ ও তরুণ ভোটার সংক্রান্ত সিদ্ধান্ত-এই চার ইস্যুতে নির্বাচন কমিশনে জোরালো অবস্থান নিয়েছে।
