ছবির উৎস, bbc
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না এবং নির্বাচনের ফলাফল নির্ধারণের অধিকার শুধু বাংলাদেশের জনগণের।
আজ বুধবার দুপু্রে ঢাকার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল দেখার জন্য অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করবে, তাদের সঙ্গেই কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।
এসময় তিনি সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে তার সাক্ষাতের কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তিনি বলেছেন, “তিনি আমাকে বলেছিলেন, তিনি আশা করেন নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও তেমনটি আশা করি। আমি আশা করি, নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে।”
ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেছেন, সিইসি তাকে যেসব তথ্য জানিয়েছেন, তাতে তিনি খুবই সন্তুষ্ট।
কথা বলার সময় তিনি সাংবাদিকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন নেননি।
