আজ ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠার ৬১ বছর পূর্ণ করছে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)। ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিটিভির পর্দায় থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে বিশেষ অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের শুভেচ্ছা বার্তা এবং বিটিভির দীর্ঘ পথচলার ইতিহাসভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’। পাশাপাশি বিটিভির আর্কাইভ থেকে প্রচারিত হবে জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে অনুষ্ঠান ও নাটক। এ ছাড়াও বিটিভি চট্টগ্রামকেন্দ্র থেকে এ উপলক্ষে প্রচারিত হবে বিভিন্ন অনুষ্ঠান। বিটিভি প্রাঙ্গণ ও স্টুডিও থেকে থাকছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিটিভির নিজস্ব শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিটিভির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করবেন। সেখানে আগত অতিথিরা বিটিভি নিয়ে স্মৃতিচারণ করবেন।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়াও রাত ১১টায় বিটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘সুর সাগর’।
