
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালেও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভেজা মাঠের কারণে কোনো বল গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ম্যাচটি বাতিল হওয়ায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার অনুরোধ করেছিল চীন। বাংলাদেশ সেই অনুরোধে সাড়া দিয়ে মাঠে গেলেও আসেনি চীন। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
শনিবার চীনের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রীতি ম্যাচটি খেলার কথা ছিল। বাংলাদেশ দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ জানান, সকালে নির্ধারিত মাঠে গিয়ে দীর্ঘ সময় চীনা দলের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিপক্ষ না আসায় শেষ পর্যন্ত ম্যাচের বদলে নিজেদের নিয়মিত অনুশীলন সেরেই হোটেলে ফিরেছেন তারা।
ফাইয়াজ বলেন, ‘আমরা খুব সকালে মাঠে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।’
ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দে মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদকে বিষয়টি অবহিত করেছেন দলের ম্যানেজার।
রোববার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে জ্যোতির দল। অন্য সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
