ছবির উৎস, BBC/BSS
২০২৪ সালের জুলাইয়ে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক
এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আট জনের বিরুদ্ধে মানবতাবিরোধী
অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একইসঙ্গে অধ্যাপক মাকসুদ
কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ পলাতক পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
করেছে ট্রাইব্যুনাল।
এর আগে ১৬ই সেপ্টেম্বর আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে
প্রসিকিউশন।
রোববার বিচারপতি মো. গোলাম
মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
শুনানি নিয়ে, অভিযোগ আমলে নেন।
পলাতক অন্যান্য আসামিরা
হলেন কার্যক্রম নিষিদ্ধ
সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ
ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির
শয়ন।
এ মামলার আট আসামির মধ্যে
গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ
এম সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ঢাকা
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগে
ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় পাঁচজনকে হত্যা, ১৫ জনকে হত্যাচেষ্টা এবং
শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের কথা বলা হয়েছে।
