অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চালের দাম এখন সহনীয় পর্যায়ে আছে, তবে খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে যাতায়াত খরচ ও বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি তিনি স্বীকার করেন।
বাজার স্থিতিশীল রাখতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। ইউরিয়া ও টিএসপি সার আমদানির প্রক্রিয়া চলছে, পাশাপাশি সেদ্ধ চাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে সরকার আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে। এবার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকা। সরকারের লক্ষ্য, ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা।
আইএমএফের ঋণ কর্মসূচি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, চলমান ঋণ কর্মসূচির ৬ষ্ঠ কিস্তি নিয়ে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফের একটি মিশন বাংলাদেশে এসে এ বিষয়ে পর্যালোচনা করবে।
তিনি বলেন, আমরা আইএমএফকে জানিয়েছি, এখনই কিস্তি ছাড়ের প্রয়োজন নেই। তারা আগে পরিস্থিতি পর্যালোচনা করুক। এরপর নতুন সরকার সিদ্ধান্ত নেবে কতটা ঋণ প্রয়োজন।
অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী সরকারকে আইএমএফের ঋণ, সংস্কারের শর্ত ও অন্যান্য বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে।
আইএমএফের পক্ষ থেকে বলা হয়েছে, রাজস্ব আয় বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানোর বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।



