মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। বৃষ্টির হানায় খেলা কমিয়ে দু-ইনিংস নির্ধারিত হয় ২০ ওভারে। ওপেনিং লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটসের ৮৯ বলে ১২৫ রানের জুটির সামনে দাঁড়াতে পারেনি লঙ্কান বোলাররা।

কলম্বোতে টসে জিতে প্রোটিয়াদের ফিল্ডিংয়ে পাঠায় চামারি আথাপাত্তু। লঙ্কানদের ইনিংস ১২ ওভার যেতেই বৃষ্টি হানা দেয়। লম্বা সময় বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। পরে ওভার কমিয়ে ২০ ওভারে আনা হয় খেলা। বেধে দেয়া ২০ ওভারে ৭ উইকেটে ১০৫ রান তোলে শ্রীলঙ্কা। ডিএলএস মেথডে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১২১ রান। ৩১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সাউথ আফ্রিকা।

এ ম্যাচে লঙ্কান নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন অধিয়ানক আথাপাত্তু। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি মেয়েদের ১১৯টি ওয়ানডে খেলার রেকর্ড এখন তার দখলে। ২০১০ সালে অভিষেক করেন তিনি। এর আগে, শশীকলা সিরিবর্ধনে ১১৮টি ম্যাচের রেকর্ড ছিল।

প্রথমে নেমে দলীয় ২১ রানে চোট পেয়ে সাজঘরে ফেরেন ওপেনার ভিশমি গুনারত্নে। পরে হাসিনি পেরেরা ৭ বলে ৪ করেন এবং আথাপাত্তু ২৫ বলে ১১ রান করে আউট হন। হর্ষিতা সামারাবিক্রমা আউট হন ২৪ বলে ১৩ রান করে। কাভিশা দিলহারি আউট হন ১৩ বলে ১৪ এবং নিলাক্ষিকা সিলভা আউট হন ১৭ বলে ১৮ রান করে। পরবর্তীতে ওপেনার গুনারত্নে আবারও ক্রিজে নেমে দলের হাল ধরেন, তিনি ৩৩ বলে ৩৪ রান করে আউট হন।

প্রোটিয়াদের হয়ে ননকুলুলেকো মালবা পান ৩টি উইকেট। মাসাবাতা ক্লাস পান ২ উইকেট। নাদিন ডি ক্লার্ক পান ১ উইকেট

জবাবে নেমে লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর করে সাউথ আফ্রিকা। ৪৭ বলে ৬০ রান করেন উলভার্ট এবং  ব্রিটস করেন ৪২ বলে ৫৫ রান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *