কলকাতা: ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বা IKBF ২০২৭-এ স্টল বরাদ্দের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনল আয়োজক কমিটি। এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে স্টল বরাদ্দ করা হবে। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।
দেশ-বিদেশের প্রকাশকরা এবার অনলাইন পোর্টালের মাধ্যমে স্টলের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১৫ অক্টোবর। এতদিন স্টলের জন্য শারীরিক ভাবে আবেদনপত্র জমা দেওয়া অথবা প্রয়োজনীয় নথি ই-মেলের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা ছিল।
– বিজ্ঞাপন –
আয়োজক কমিটির উপদেষ্টা পর্ষদের আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি জানিয়েছেন, স্টল বরাদ্দের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতেই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করা হয়েছে। সফল আবেদনকারীদের তালিকা এবং চূড়ান্ত স্টল বরাদ্দের তথ্যও ওই পোর্টালে প্রকাশ করা হবে।
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, গত বছর পর্যন্ত প্রকাশকদের শারীরিক ভাবে আবেদন করতে হত অথবা প্রয়োজনীয় কাগজপত্র ই-মেলের মাধ্যমে পাঠাতে হত। এবার সেই প্রক্রিয়ার পরিবর্তে প্রকাশকরা নিজেদের সুবিধামতো অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫০তম কলকাতা বইমেলা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে আয়োজক কমিটি। নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবেদন ও স্টল বরাদ্দের প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ হবে বলে আশা আয়োজকদের।
