উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। একটি অ্যাম্বুল্যান্সে শহিদ সেনা জওয়ানের দেহ নিয়ে ফিরছিল পরিবার। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অযোধ্যা- সুলতানপুর সীমানার কাছে সেই অ্যাম্বুল্যান্স ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। এই ঘটনায় মৃত্যু হয়েছে শহিদ জওয়ানের তিন আত্মীয়ের। কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল পরিবারের পুরুষ সদস্যরা!
চণ্ডীগড় থেকে অ্যাম্বুল্যান্সে করে শহিদ সুবেদার-মেজরের সত্যবানের দেহ নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার প্রত্যন্ত গ্রামের বাড়িতে। রবিবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। এর ফলে প্রাণ হারান জওয়ানের ভাই, ছেলে ও ভাগ্নে। মৃত্যু হয়েছে অ্যাম্বুল্যান্স চালকেরও। এর মধ্যে সেনা জওয়ানের ছেলে ২৮ বছরের গৌরব সিং এবং বছর তিরিশের অ্যাম্বুল্যান্স চালক জসপালের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জওয়ানের ভাই ৩৬ বছরের রঞ্জন চৌধুরী এবং ভাগ্নে ৪০ বছরের রাম সমুঝ সিংয়ের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
দেওরিয়া জেলার রুদ্রপুর এলাকার গলিয়া দুধাইল্লা গ্রামের বাসিন্দা সুবেদার মেজর সত্যবান। তাঁর পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে মেজর সত্যবানের দেহ থানায় রাখা হয়েছে। নির্দিষ্টি আইনি প্রক্রিয়ার পর পাঁচটি মৃতদেহ আত্মীয়দের তুলে দেওয়া হবে।
