আদালত
ছবির ক্যাপশান, গ্রেফতারের পর সোমবার হরিদাস চন্দ্র তরনীদাসকে আদালতে হাজির করা হয়

গাইবান্ধায় উঁচু একটি রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরনীদাসকে অর্থপাচার মামলায় গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার একটি থানায় দায়ের হওয়া অর্থপাচারের মামলায় রোববার রাতে তাকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে মি. তরনীদাসের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ড দেয় আদালত।

এর আগে, মি. তরনীদাসের নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করে সিআইডি। সেখানে তার বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ করা হয়েছে।

“হরিদাস চন্দ্র তরনীদাস নামের এই ব্যক্তির একাধিক ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের তথ্য অনুসন্ধান করে আমরা প্রায় নয় কোটি ৩৫ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছি, যা তার আয়ের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ হয়। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা পাচারের প্রমাণও পাওয়া গেছে,” বিবিসি বাংলাকে বলছিলেন সিআইডি’র উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে মি. তরনীদাস বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *