ছবির উৎস, CEO West Bengal / x
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে। ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’, সংক্ষেপে ‘এসআইআর’- নিয়ে
বিতর্কের পর এই রাজ্যের প্রথম ভোট এটি।
প্রথম পর্যায়ে, বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে।
দ্বিতীয় পর্যায়ে, ২৯শে এপ্রিল, সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে।
বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই অনেক মানুষ ভোট দেওয়ার জন্য কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কুচবিহার, আলিপুর এবং কালিম্পঙে বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে।
এই দফায় এক হাজার ৪৭৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে মোট দুই হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তারক্ষী পাঠানো হয়েছে মুর্শিদাবাদের দুই পুলিশ জেলায়।
প্রতিটি বুথ থেকে সরাসরি ওয়েব কাস্টিং-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, তবে তার আগে ভোর থেকেই ‘মক পোল’ করা হয় ভোটকেন্দ্রগুলোতে।
এই ‘মক পোল’ হলো প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র সঠিক ভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করিয়ে দেখান ভোটকর্মীরা। এরপরে ভোটযন্ত্র সিল করে দেওয়া হয়। ভোট শুরুর নির্দিষ্ট সময়ে নতুন করে ভোট যন্ত্র চালু করা হয়।
ছবির উৎস, CEO West Bengal / x
