বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দেশের অন্যতম জনপ্রিয় মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম আসরের কুমিল্লা অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বাছাইপর্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহস্রাধিক ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক বাছাই শেষে সেরাদের মধ্য থেকে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

ইস্পাহানি টি লিমিটেডের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ বাংলা ভাষা, সঠিক বানান ও ভাষার যথাযথ ব্যবহারের চর্চা বৃদ্ধি করা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার শিলা এবং আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের তাহের শিপন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রথমে ৪০ নম্বরের বহুনির্বাচনী এবং ৩০ নম্বরের অনুধাবনমূলক পরীক্ষার মাধ্যমে সেরা ২০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়। পরে উচ্চারণ, বানান ও ব্যাকরণে দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রতিযোগীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক আসলাম হোসেন চৌধুরী। এছাড়া ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় বিজয়ীদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ঢাকায় অনুষ্ঠিত মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ ১০ লাখ টাকার মেধাবৃত্তি লাভ করবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকা পাবে। এছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী ল্যাপটপ, বই এবং ব্যক্তিগত লাইব্রেরি গঠনের সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের মতে, বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি এবং শুদ্ধ ভাষাচর্চা প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *