বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। দুদলেই আছে কিছু বংশোদ্ভূত খেলোয়াড়। সুযোগ থাকার পরও যেমন ফ্রান্সের পরিবর্তে জাতীয় দল হিসেবে অ্যাটলাস লায়ন্স মরক্কোকে বেছে নিয়েছেন ১৮ বর্ষী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। এমন সিদ্ধান্তের জন্য মোটেও অনুতপ্ত নন ফ্রান্সে জন্ম নেয়া বুয়াদ্দি।
কাইলিয়ান এমবাপে ও উসমানে ডেম্বেলের গোলে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। দলটির প্রতিপক্ষ হবে পরের ম্যাচে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দেশটি।
কোয়ার্টারের ম্যাচের পর বুয়াদ্দি সংবাদমাধ্যমে বলেছেন, ‘মরক্কো জাতীয় দল বেছে নেয়ায় মোটেও কোন অনুতাপ নেই। সবসময়ই বলেছি, এটা আমার হৃদয় দিয়ে বেছে নেয়া একটি সিদ্ধান্ত। যাইহোক না কেন, মরক্কোকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের ব্যাপার।’
‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা খেলোয়াড়-স্টাফ সবাই জানি যে, যাই ঘটুক না কেন এই জার্সির জন্য সবসময় নিজেদের সর্বস্ব দিয়ে দেব। আমরা গর্বিত, যদিও আমরা মরক্কোর জনগণকে যথাসম্ভব গর্বিত করার আশা করেছিলাম। ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে যথাসম্ভব এগিয়ে যাওয়ার জন্য আমাদের আর কী কী উন্নতি করতে হবে সেটা জানতে পারব।’
নিজেরা উন্নতির চেষ্টা চালিয়ে যাবেন এমন আশা তরুণ মিডফিল্ডারের। বলেছেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং উন্নতি করতে থাকব।’
সাউথ ফ্রান্সে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা বুয়াদ্দির। ১৮ বছর বয়সী মিডফিল্ডার বিশ্বকাপের অন্যতম চমক হয়ে উঠেছিলেন। ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক আসরে অভিষেক ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখান, সেরা একাদশে জায়গা পাকাপোক্ত করেন। চলতি বছরের মার্চ পর্যন্ত ফ্রান্সের অনূর্ধ্ব-২১ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি।


