স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন তা ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন।
তিনি বলেন, নির্বাচনে তারেক রহমান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল মাত্র ছয় মাসের মধ্যে একটি একটি করে পূরণ করছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. আবদুল মঈন খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে শিক্ষা মানব জাতীকে দিয়ে গিয়েছেন সেই শিক্ষা পরিচালিত করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মহানবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন যার মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান দূর করা যায়।
পলাশ উপজেলা বিএনপি সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এর আগে দুপুরে ড. আবদুল মঈন খান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চরনগরদী নিজ গ্রামে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।
মন্ত্রী হওয়ার পর নিজ সংসদীয় আসনে এটিই ছিল তার প্রথম সফর।
