
Published
পড়ার সময়: ৬ মিনিট
আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার একটা বড় অংশজুড়েই ছিল ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে নানা সংবাদ। এর বাইরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়েও সংবাদ গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোতে।
নিউ এইজ পত্রিকার প্রধান খবর – BNP activists dominate DMP lists of extortionists, grabbers অর্থাৎ ডিএমপির চাঁদাবাজ ও দখলদারদের তালিকায় বিএনপি নেতা-কর্মীরা শীর্ষে।
খবরে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকায় রাজধানীতে চাঁদাবাজি ও জমি-সম্পত্তি দখলে জড়িত এক হাজার ৫৩০ জনের নাম রয়েছে। তাদের মধ্যে ২৭৮ জনকে অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ২৩০ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের বর্তমান বা সাবেক নেতা-কর্মী।
মাঠপর্যায়ে সক্রিয় এক হাজার ২৫২ জনের মধ্যে অন্তত ৩৫০ জন বিএনপি বা অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া ফুটপাত, বাজার, পরিবহন, নির্মাণকাজ, বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পকারখানা ও জমি দখলসহ বিভিন্ন খাত থেকে চাঁদা আদায়ের তথ্যও এতে উঠে এসেছে।
ডিএমপির একজন কর্মকর্তা জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় ধরে তদন্তের ভিত্তিতে ওই তালিকা তৈরি করা হয়েছে এবং নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
তালিকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ও কিছু এলাকায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগও উল্লেখ করা হয়েছে।


খবরে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে সংস্থাটি রাজস্ব আহরণ করেছে ৫১ হাজার ৮৯২ কোটি টাকা, যেখানে এ সময়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ৫৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের শুরুতেই বাজেট বাস্তবায়নে অর্থ জোগান নিয়ে চাপে পড়েছে সরকার।
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার রেকর্ড বাজেটের বিপরীতে ৭ লাখ কোটি টাকার রাজস্ব আহরণের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতিতে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আসছে না। চাপ বাড়ছে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে।
এর সঙ্গে জ্বালানি আমদানির অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি ও ভর্তুকি, সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা এবং বড় প্রকল্পে সরকারি অর্থায়নের দায় ব্যয় বাড়াচ্ছে।
ফলে অর্থবছরের প্রথম প্রান্তিকেই বাজেট অর্থায়নে টানাপড়েন দেখা দিয়েছে।

কালের কণ্ঠ পত্রিকার খবর – অভিযানেও বেপরোয়া কিশোর গ্যাং। খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার হলেও কিশোর গ্যাংয়ের তৎপরতা কমছে না।
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মারামারি ও হত্যাকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে।
কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের পর অভিযানে গত দুই দফায় ৮৭৮ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামেও অর্ধশতাধিক কিশোর অপরাধী চক্র সক্রিয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
খুলনায় অন্তত ১০টি এবং বরিশালে প্রায় ৫০টি চক্র রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকলেও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

এ খবরে বলা হয়েছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করেছে পুলিশ।
তবে ঘটনার মূল ইন্ধনদাতা বা নির্দেশদাতাদের এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এবং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রের দাবি, জমি দখলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়।
ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ খবরটি মূলত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে করা হয়েছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে পাঁচটি পিকআপে করে দুই থেকে তিন শ লোক হামলা চালিয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে ফটক ভেঙে গুলি করতে করতে হাউজিং এলাকায় ঢুকে তারা ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও, নিউগিনি প্রপার্টিজের কার্যালয় এবং আশপাশের কয়েকটি স্থাপনায় হামলা হয়। হামলাকারীরা মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় এবং নির্মাণশ্রমিকদের মারধর করে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা হামলার একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি গুলি ছোড়ে।
পুলিশের তুলনায় হামলাকারীরা সংখ্যায় বেশি থাকায় শুরুতে পুলিশকে পিছু হটতে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ কাঠা জমির মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সালমান মুক্তাদিরকে ঘটনার শিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকের পত্রিকার প্রধান শিরোনাম- একের পর এক দখলবাজি। খবরে বলা হচ্ছে, ঢাকায় তিন দিনের ব্যবধানে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং, নিউগিনি প্রপার্টিজসহ কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও দলটি তা অস্বীকার করেছে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় বিএনপি নেতা মো. হানিফ মিয়াকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, তাঁর অনুসারীরা হামলায় জড়িত ছিলেন।
অন্যদিকে বিএনপির দাবি, তদন্ত শেষ হওয়ার আগে দলকে দায়ী করা দুরভিসন্ধিমূলক।
দখলবাজি ও চাঁদাবাজির এসব ঘটনা নিয়ে রাজনৈতিক বিরোধীরাও সমালোচনা করেছে।

রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত সমমনা দোকানদার সমবায় সমিতির নেতারা।
এ ঘটনায় সমিতির সম্পাদক শাহ আলম গাজীকে গ্রেপ্তার করা হলেও প্রভাবশালী সদস্যরা ধরা পড়েনি। গত দুদিনে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করলেও তাদের অনেকেই শাহ আলী এলাকার ভাড়াটে।
গতকাল রোববার দুপুরে সরেজমিন দেখা যায়, মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ধ্বংসস্তূপের সামনে বসে দ্বিতীয় দিনেও প্রতিষ্ঠানের কর্মীরা রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন। তবে সেটি সীমিত পরিসরে।
জুলিয়া বেগম নামে এক নারী জানান, তিনি তার ছয় মাস বয়সী মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছেন। বাসার কাছে হওয়ায় এখান থেকে টিকা দেন তিনি।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলায় যারা জড়িত, তাদের উপযুক্ত বিচারের দাবি জানাই।
প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা জানান, আগে এই কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জনকে সেবা দেওয়া হতো। গতকাল সেবা নিয়েছেন ৪৭ জন।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে চীনা বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চীনের নয়া নীতির পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তায় এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এই ইউনিট নির্মাণের জন্য বর্তমান সরকার আগ্রহী হলেও চীনা এক্সিম ব্যাংকের দেড় বিলিয়ন ডলারের ঋণের নিশ্চয়তা না পাওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংকট কাটাতে ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যান আশিক চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর চীনা একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। গত সোমবার আশিক চৌধুরীর বক্তব্য জানার জন্য তার জনসংযোগ কর্মকর্তা আবু হানিফ সাগরের কাছে প্রশ্ন পাঠানো হলে আশিক চৌধুরী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জনসংযোগ কর্মকর্তা জানান, বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে থাকায় এ বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

সংবিধানে মৌলিক সংশোধন আনা হলে নতুন করে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি জানিয়েছে, সংবিধান সংশোধনে জনগণের অনুমোদন প্রয়োজন।
কমিটির প্রধান সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন তৈরি, জানুয়ারিতে সংসদে সংশোধনী বিল উত্থাপন এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের আগে গণভোট আয়োজনের লক্ষ্য রয়েছে। তবে বিরোধী দলগুলো এ সিদ্ধান্তকে ‘হাস্যকর, অবৈধ ও কর্তৃত্ববাদী’ আখ্যা দিয়ে বলেছে, জুলাই জাতীয় সনদ নিয়ে অনুষ্ঠিত গণভোটেই জনগণ তাদের মতামত জানিয়েছে; নতুন গণভোট তারা মেনে নেবে না।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর – Measles makes sharp comeback in Sept অর্থাৎ সেপ্টেম্বরে হামের প্রকোপ আবারও বেড়েছে
বাংলাদেশে সেপ্টেম্বরে হামের সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৬ দিনে প্রতিদিন গড়ে ১ হাজার ২২৯ জন হামে আক্রান্ত হয়েছে, যা মে মাসের দৈনিক গড় ১ হাজার ২২০ জনের চেয়েও বেশি।
এ সময়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যেখানে মে মাসে এ সংখ্যা ছিল ১ হাজার ২৩ জন। সেপ্টেম্বরের দৈনিক গড় মৃত্যুও মে মাসের পর সর্বোচ্চ। টিকাদানের ঘাটতি পূরণে সরকার দেশব্যাপী নতুন টিকাদান কর্মসূচি চালালেও সংক্রমণ বাড়ছে।
