হাতে আর মাত্র কিছুদিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে নতুন পোশাকে নিজেকে আকর্ষণীয় করে তুলতে এখন থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। তবে অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোমর ও পেটের অতিরিক্ত মেদ। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, ক্র্যাশ ডায়েট না করে নিয়মিত সঠিক কিছু যোগব্যায়াম করলেই দ্রুত কোমরের মেদ ঝরিয়ে কাঙ্ক্ষিত চেহারা পাওয়া সম্ভব।
পুজোর আগে ফিট ও স্লিম হতে দৈনিক রুটিনে যে ৪টি যোগাসন রাখা জরুরি, তা হলো:
– বিজ্ঞাপন –
- ধনুরাসন (Bow Pose): উপুড় হয়ে পেটর ওপর শুয়ে হাঁটু ভাঁজ করে পেছন দিকে দুই হাত দিয়ে গোড়ালি ধরতে হয়। এরপর শ্বাস নিতে নিতে মাথা, বুক ও উরু মাটি থেকে ওপরে তুলতে হবে। এই আসনটি পেটের ও কোমরের পেশীতে টান তৈরি করে জমে থাকা চর্বি দ্রুত গলাতে সাহায্য করে।
- নৌকাসন (Boat Pose): পিঠে ভর দিয়ে শুয়ে হাত ও পা একসঙ্গে ওপরের দিকে তুলে শরীরকে ইংরেজি ‘V’ অক্ষরের মতো করতে হয়। এটি শরীরের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি পেটের কোর পেশীকে শক্তিশালী করে এবং মেদ কমায়।
- প্ল্যাঙ্ক (Plank): মেদ ঝরানোর জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম। উপুড় হয়ে শুয়ে হাতের কনুই ও পায়ের আঙুলের ওপর ভর দিয়ে পুরো শরীরকে মাটির সমান্তরালে সোজা রাখতে হয়। প্রতিদিন অন্তত ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট এটি হোল্ড করলে কোমরের শেপ সুন্দর হয়।
- সেতুবন্ধাসন (Bridge Pose): চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে পা মাটিতে রেখে ধীরে ধীরে কোমর ওপরের দিকে তুলতে হয়। এই আসনটি শুধু কোমরের চর্বিই কমায় না, সেই সঙ্গে পিঠ ও কোমরের ব্যথা দূর করতেও দারুণ উপকারী।
বিশেষজ্ঞদের পরামর্শ হল, পুজোর বাকি দিনগুলিতে এই যোগাসনগুলোর পাশাপাশি পর্যাপ্ত জল খাওয়া এবং অতিরিক্ত তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। তবে যেকোনো নতুন ব্যায়াম শুরু করার আগে শরীরের অবস্থা বুঝে বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করাই শ্রেয়।
