কয়েকদিনের টানা বৃষ্টির পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু সেই স্বস্তি আর বেশিদিন থাকছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর জেরে ফের বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও কিছু জেলায় বিচ্ছিন্ন ভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। কলকাতা, হাওড়া, হুগলি-সহ শহরাঞ্চলে ভ্যাপসা গরম আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে।

বুধবার উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জল জমা ও স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমতে পারে ঝড়বৃষ্টির দাপট। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে এখনই বর্ষার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *