চলতি ফুটবল বিশ্বকাপে আলোচনার জন্ম দেয়া ঘানার বিখ্যাত ওঝা নানা কোয়াকু বনসাম এবার ভবিষ্যদ্বাণী করেছেন, শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর ‘কার্জ’ করার দাবি করেছিলেন বনসাম। ওই ম্যাচে গোলশূন্য ড্র হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা কেইন শুধু ঘানার বিপক্ষেই গোল করতে পারেননি। পরে বনসাম তাকে ‘মুক্ত’ করার ঘোষণা দেন এবং পরের ম্যাচে পানামার বিপক্ষে গোলও করেন কেইন।
আগামী ৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। সেই ম্যাচ নিয়েই বনসামের দাবি, “কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিদায় করবে।”
যদিও ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। আফ্রিকার দলের কাছে তাদের একমাত্র হার ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে। তবে কেপ ভার্দের সাম্প্রতিক ফর্ম ও বনসামের ভবিষ্যদ্বাণী ঘিরে ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।

