ডিআর কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপের শেষ ষোলোয় তুলেছেন অধিনায়ক হ্যারি কেন। ২-১ ব্যবধানের নাটকীয় জয়ের পর এই স্ট্রাইকার বলেছেন, দলের বিশ্বাসই তাদের কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়ে এনেছে। দুই গোল করে নায়ক’ হওয়ার দিনটি ছিল শুধুই কেনের।

আটলান্টায় বুধবার রাতের ম্যাচে সপ্তম মিনিটেই ব্রাইন সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। দীর্ঘ সময় সমতায় ফিরতে না পারায় অঘটনের শঙ্কা দেখা দেয়। ত্রাতা হলেন অধিনায়ক হ্যারি কেন। শেষ ১৫ মিনিটে পরপর দুটি গোল করে দলকে জয় এনে দেন বায়ার্ন মিউনিখ তারকা।

ম্যাচ শেষে কেন বলেছেন, ‘দলের সবাইকে নিয়ে আমি গর্বিত। ম্যাচের আগে আমরা জানতাম, এটি কঠিন লড়াই হবে। ডিআর কঙ্গো খুব ভালোভাবে রক্ষণ করেছে এবং পাল্টা আক্রমণেও ছিল বিপজ্জনক। তবে আমরা বিশ্বাস হারাইনি। বল সঠিক জায়গায় পৌঁছাচ্ছিল, আর জানতাম আমাদের কারও না কারও নায়ক হওয়ার মুহূর্ত আসবে। সৌভাগ্যবশত, আজ সেটি আমার ছিল।’

ইংল্যান্ডের হয়ে ছোটবেলা থেকেই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতেন উল্লেখ করে কেন বলেছেন, ‘ছোটবেলায় ইংল্যান্ডের খেলা দেখেই বড় হয়েছি। এখন মাঠে নামার সময় সেই স্মৃতিগুলো মনে পড়ে। জানি, বিশ্বের লাখো ছেলে-মেয়ে আমাদের খেলা দেখছে। তাই সবসময় উদাহরণ তৈরি করার চেষ্টা করি এবং দেশের জন্য নিজের সেরাটা দিতে চাই।’

জয়ের পর সতীর্থদের উদ্‌যাপন করার আহ্বানও জানান ইংল্যান্ড অধিনায়ক। তার ভাষায়, ‘কঠিন ম্যাচ জিতলেও আমরা অনেক সময় ঠিকভাবে উদ্‌যাপন করি না। কিন্তু আমরা বিশ্বকাপের পরের পর্বে উঠেছি। সমর্থকদের সঙ্গে এই মুহূর্তটা উপভোগ করা উচিত। এরপর চার দিন পর আবার নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে।’

আগামী সোমবার বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *