প্রশাসনের নজর এড়িয়ে জোয়ারের উত্তাল সমুদ্রে স্নান। সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। নিখোঁজ আরও এক। শনিবার ঘটনাটি ঘটেছে মন্দারমণিতে। নিখোঁজ পর্যটকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। স্পিড বোট নিয়ে উত্তাল সমুদ্রে চলছে খোঁজ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার পর মন্দারমণি জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে দিঘা সংলগ্ন এলাকাতেও। উত্তাল সমুদ্রের আশেপাশে পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না বলে খবর।
দুই পর্যটকের তলিয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হতেই নুলিয়ারা স্পিড বোট নিয়ে দ্রুত সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেন।
আরও পড়ুন:
শনিবার এবং আগামিকাল রবিবার ছুটির দিন। স্বভাবতই এদিন সকাল থেকেই মন্দারমণিতে ভিড় ছিল পর্যটকদের। কিন্তু জোয়ারের কারণে সমুদ্র উত্তাল থাকায় স্নানের ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু তা উপেক্ষা করেই দুই যুবক জলে নামে বলে দাবি স্থানীয়দের। অতর্কিতেই সেই সময় ওই দুই যুবক উত্তাল সমুদ্রে তলিয়ে যান। দুই পর্যটকের তলিয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হতেই নুলিয়ারা স্পিড বোট নিয়ে দ্রুত সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর সমুদ্র থেকে একজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃত পর্যটকের নাম সোমনাথ মজুমদার। তিনি দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার দুলালপুর পূর্ব পাড়ার বাসিন্দা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনারই জামালহাটির বাসিন্দা কমলেশ মণ্ডল নামে অন্য এক পর্যটক এখনও নিখোঁজ। তাঁর সন্ধানে সমুদ্রে নুলিয়া ও স্থানীয় পুলিশ প্রশাসনের তল্লাশি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
