একই সঙ্গে একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ড রাখা নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (ডব্লিউবিএইচএস)-এর আওতাভুক্ত সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের তালিকাভুক্ত নির্ভরশীলদের কাছে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড থাকলে তা জমা দিতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ দফতর। শুক্রবার, ৯ অক্টোবর জারি হওয়া নির্দেশিকায় সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অর্থ দফতরের মেডিক্যাল সেলের নির্দেশ অনুযায়ী, অল ইন্ডিয়া সার্ভিসের আধিকারিক-সহ যে সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগী ডব্লিউবিএইচএসের আওতায় রয়েছেন, তাঁদের নিজেদের এবং তালিকাভুক্ত নির্ভরশীলদের নামে থাকা স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দিতে হবে। কার্ড জমা দেওয়ার প্রমাণের পাশাপাশি নির্ধারিত বয়ানে ঘোষণাপত্রও পেশ করতে হবে।
– বিজ্ঞাপন –
কোথায় জমা দিতে হবে নথি?
কর্মরত সরকারি কর্মীদের সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে ঘোষণাপত্র ও কার্ড জমা দেওয়ার প্রমাণ জমা দিতে হবে। পেনশনভোগীদের তা জমা দিতে হবে যে দফতরে তাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা খরচের দাবি সংক্রান্ত নথি পেশ করেন, সেখানে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা পড়া নথি যাচাই করে হিসাব রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশ না মানলে কী ব্যবস্থা?
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে চিকিৎসার সমস্ত সুযোগ-সুবিধা সাময়িক ভাবে স্থগিত করা হতে পারে। কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে বিষয়টিকে কর্তব্যে অবহেলা বা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়াও শুরু করা হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রাজ্য সরকারের এই নির্দেশ মূলত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের তালিকাভুক্ত নির্ভরশীলদের জন্য।
