অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: X handle
কলকাতা: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু, কেন? সোমবার বিকেল থেকেই রাজ্য রাজনীতিতে এই নিয়ে গুঞ্জন শুরু হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকা সত্ত্বেও বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’-র বাড়িতে শাহ কেন গেলেন, তা নিয়ে জল্পনা বাড়ে। অবশেষে কয়েক ঘণ্টা পর সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং অমিত শাহ-ই। এক্স হ্যান্ডলে জানালেন, কেন তিনি প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন।
এক্স হ্যান্ডলে কী লিখলেন শাহ?
প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর অভিনেতার বাড়িতে যাওয়ার কারণ জানিয়ে ইংরেজি ও বাংলা ভাষায় শাহ লিখেছেন, ‘বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তাঁর বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। ‘বিশেষ জনসংযোগ অভিযান’-এর অংশ হিসেবে, গত ১২ বছরে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম।’
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। মোদী-সরকারের ১২ বছর পূর্তিতে ‘বিশেষ জনসংযোগ অভিযান’ শুরু করেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে বাংলায় এসে প্রসেনজিতের বাড়িতে যে তিনি গিয়েছিলেন, তা স্পষ্ট করে দিলেন শাহ।
Had a warm meeting with renowned film actor, director, and writer Prosenjit Chatterjee Ji at his residence in Kolkata.
As part of the Vishesh Jansampark Abhiyan, apprised him of the historic achievements of the Modi govt, in the 12 years.
বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও… pic.twitter.com/PISej2pbIf
— Amit Shah (@AmitShah) July 6, 2026
সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন শাহ। প্রথমে ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেখান থেকে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে যান শাহ। সেখান কিছুক্ষণ কাটিয়েই বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা। মিনিট পনেরো প্রসেনজিতের বাড়িতে ছিলেন শাহ। সেখানে তিনি চা পান করেন বলে জানা গিয়েছে। প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে মিলনমেলায় শ্যামাপ্রসাদকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
