দেওয়াল চাপা পড়ে মৃত্যু শিশুকন্যারImage Credit: TV9 Bangla

পুরুলিয়া: নিজের আট মাসের শিশুকন্যাকে স্নান করানোর জন্য জলের পাত্রের পাশে শুইয়ে তেল, সাবান আনতে গিয়েছিলেন মা। আচমকা বিকট শব্দ। দৌড়ে এসে দেখলেন গা শিউরে ওঠার মতো ঘটনা। বৃষ্টির জেরে পাশের মাটির দেওয়াল ধসে পড়েছে। আর সেই দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল মাস আটের শিশুকন্যার। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের অন্তর্গত জামবাদ অঞ্চলের জতিয়াট্যাঁড় গ্রামে। শোকে মুহ্যমান শিশুর পরিবার।  

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যালুমিনিয়ামের পাত্রটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। মাটি সরিয়ে ওই শিশুকন্যাকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। কোথা থেকে কী হয় গেল, বুঝতে পারছেন না শিশুকন্যার মা সোনালি সোরেন। কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, তিনি তাঁর শিশুকন্যাকে প্রতিদিনের মতোই ওই জায়গাতে স্নান করারচ্ছিলেন। তারপর তেল সাবান আনতে গিয়েছিলেন। আচমকাই পাশের বাড়ির মাটির দেওয়াল ধসে পড়ে। আশপাশের লোকেরা শব্দ পেয়ে এলেও শিশুকে রক্ষা করা যায়নি।

প্রতিবেশী কার্তিক চন্দ্র মান্ডি বলেন, “আচমকা জোরালো শব্দ পেয়ে আমরা ছুটে আসি। এসে দেখি মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে আছে একটি শিশুকন্যা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তার আগেই শিশুর মৃত্যু হয়। 

বৃষ্টির জেরে মাটির দেওয়াল নড়বড়ে হয়ে গিয়েছিল। সেই কারণে এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এলাকাবাসীরা জানাচ্ছেন, জতিয়াট্যাঁড় গ্রামে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগের বছরও গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু ঘটেছিল। এদিন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *