খবর অনলাইন ডেস্ক: রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলে এক গবেষণাগারকর্মীর গুরুতর নিউমোনিয়ায় মৃত্যুর পর নিউমোনিক প্লেগের আশঙ্কা তৈরি হলেও, সাম্প্রতিক সময়ে সেখানে প্লেগের কোনও নতুন সংক্রমণ শনাক্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, বিষয়টি নিয়ে রুশ স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অসুস্থতার প্রকৃত কারণ এবং আরও এক কর্মীর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে।
– বিজ্ঞাপন –
ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত দারিয়া শিপিলোভা ওই মহিলা ২ অক্টোবর গুরুতর নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। এরপর প্রায় ২০০ জনকে সতর্কতামূলকভাবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। তাঁদের মধ্যে পরীক্ষা করে প্লেগ বা অন্য কোনও উচ্চঝুঁকির জীবাণু পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চিহ্নিত সব সংস্পর্শে আসা ব্যক্তির চিকিৎসা পর্যবেক্ষণও শেষ হয়েছে।
রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইরকুটস্ক অঞ্চলে সম্প্রতি প্লেগের কোনও ঘটনা নথিভুক্ত হয়নি। প্রায় ৬০ শতাংশ পর্যবেক্ষণে থাকা ব্যক্তিকে পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও রয়টার্স জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করেছে, ওই গবেষণাগারকর্মীর মৃত্যু কোনও নিশ্চিত প্লেগ সংক্রমণ বা প্রাদুর্ভাবের প্রমাণ নয়। সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাধারণ মানুষের জন্য জনস্বাস্থ্য ঝুঁকি কম।
নিউমোনিক প্লেগ প্লেগের সবচেয়ে গুরুতর রূপ এবং শ্বাসযন্ত্রের মাধ্যমে ছড়াতে পারে। তবে দ্রুত শনাক্ত হলে অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা সম্ভব। ইরকুটস্কের ঘটনায় গুরুতর নিউমোনিয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি। বিষয়টি স্পষ্ট করতে রুশ কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
