কলকাতা: রাজ্যের স্টেট এইডেড কলেজ টিচার (SACT) এবং ভোকেশনাল শিক্ষকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, SACT-দের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ভোকেশনাল শিক্ষকদের বেতনও মাসে ২ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেট সংক্রান্ত আলোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, “এ বার যাঁদের বেতন বাড়াতে পারিনি, তাঁদের দাবি অন্যায্য নয়। আগামী মার্চ মাসে সেই দাবিগুলিও বিবেচনা করা হবে।” তাঁর এই ঘোষণার পর বিধানসভায় উপস্থিত SACT-দের বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের দাবির আংশিক সমাধান মিলল।

– বিজ্ঞাপন –

উল্লেখ্য, এদিনই রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কর্মরত প্রায় ১৪ হাজার স্টেট এইডেড কলেজ টিচার (SACT)-এর পারিশ্রমিক বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তার দাবি বিধানসভায় তুলে ধরেন একাধিক বিধায়ক। সাম্প্রতিক রাজ্য বাজেটে তাঁদের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা।

এই পরিস্থিতিতেই অর্থমন্ত্রীর ঘোষণা SACT এবং ভোকেশনাল শিক্ষকদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। যদিও শিক্ষকদের একাংশের দাবি, শুধু বেতন বৃদ্ধি নয়, চাকরির স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার বিষয়েও সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *