অসমে ৩ লক্ষ চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে। অথচ শ্রমিকদের বঞ্চিত করে দার্জিলিং চা বাগানের খালি জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে হোটেল করার জন্য। শনিবার কালিম্পং পাহাড়ের নির্বাচনী সভায় এভাবেই তৃণমূলকে বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছে। দুর্নীতি করে শিক্ষক নিয়োগ হলে ছাত্ররা কি শিখবে ওরাও দুর্নীতিপরায়ণ হবে।
এই বিষয়ে আরও খবর
এদিন কালিম্পং জেলার গরুবাথানের পান্ডারা ফুটবল মাঠে বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা জোটের প্রার্থী অলেম্পিয়ান ভরত ছেত্রী-র সমর্থনে প্রথম নির্বাচনী সভা করেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে গোর্খাদের অবদানের কথা উল্লেখ করে জানান, অসমে কংগ্রেস সরকার ২০ লক্ষ গোর্খাকে ‘ডাউটফুল ভোটার’ তালিকায় রেখেছিল। সেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সেই কলঙ্ক মুছে ফেলা হয়েছে। অসমে গোর্খাদের বিকাশের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এক সময় পাহাড়ে সুবাস ঘিসিংয়ের নেতৃত্বে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন হয়েছিল। একই সময় উপেন ব্রহ্মের নেতৃত্বে বোড়োল্যান্ড আন্দোলন হয়। আন্দোলনের জেরে দার্জিলিং পাহাড়ে জিটিএ এবং নিম্ন অসমে বোড়ো অটোনমাস কাউন্সিল গঠিত হয়। হিমন্ত বলেন, “আমার সরকার উন্নয়নের জন্য বোড়ো অটোনমাস কাউন্সিলকে ৩ হাজার কোটি টাকা দিয়েছে। বাংলার তৃণমূল সরকার জিটিএকে দিয়েছে মাত্র তিনশো কোটি টাকা।” তাঁর অভিযোগ, এখানেই বঞ্চনার শেষ নয়। দার্জিলিং পাহাড়ের চা বাগানের শ্রমিকদের রেশন ছাড়া আড়াইশো টাকা মজুরি দেওয়া হচ্ছে। কিন্তু অসমের চা শ্রমিকরা রেশন সহ ২৮০ টাকা মজুরি পাচ্ছে। অসমে চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হচ্ছে কিন্তু দার্জিলিংয়ে চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিলাসবহুল হোটেল তৈরির জন্য।
অসমের মুখ্যমন্ত্রীর আরও দাবি, অসমে এবার বিজেপি সেঞ্চুরি করবে। পশ্চিমবঙ্গে করবে ডবল সেঞ্চুরি। এরপরই অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করা হবে। চা শ্রমিকদের মজুরি বাড়বে। লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। মহিলাদের তিন হাজার টাকা করে দেয়া হবে। যুবক যুবতীরাও তিন হাজার টাকা পাবে। ভিড়ে ঠাসা জনসভায় প্রার্থী ভরত ছেত্রীর প্রসঙ্গে হিমন্ত বলেন, “খেলাধুলার জগতে সাফল্যের পর এবার রাজনৈতিক ময়দানে। ভরত ছেত্রীর জয় মানে গোর্খাদের জয়।” পাশাপাশি আশ্বাস দিতে ভোলেননি, রাজ্যে পালাবদল হলে পাহাড়ের চা এবং সিঙ্কোনা বাগানের শ্রমিকেরা জমির পাট্টা, আবাসন পাবেন। দার্জিলিংকে ঘিরে ট্যুরিজম হাব গড়ে তোলা হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
