
কলকাতা: ভয়ঙ্কর ঘটনা। কম্বলে জড়ানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হল মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম ক্যান্টনমেন্ট সুভাষ নগর এলাকায়। জানা যাচ্ছে, দেহটি উদ্ধার হয়েছে মহিলার বাড়ি থেকেই। রক্তাক্ত সেটি কম্বল দিয়ে মোড়ানো ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমদম থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দু’বছর ধরে ওই মহিলা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দমদম ক্যান্টনমেন্টে সুভাষ নগরে। মৃতের নাম জয়া প্রামানিক। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে একজন ব্যক্তির প্রায়ই যাতায়াত ছিল। এলাকার বাসিন্দারা তাঁর আবার শারীরিক বৈশিষ্ট্যও দিয়েছেন। তাঁদের বক্তব্য, ওই ব্যক্তি লম্বা, সুঠাম দেহের অধিকারী। প্রায়ই যাতায়াত ছিল তাঁদের। বেদিয়াপাড়ার ঝিল কলোনিতে থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, মহিলার একটি তিন বছরের পুত্রসন্তান রয়েছে। কর্মসূত্রে একাধিক জায়গায় যেতেন। সেই কারণে শ্যামবাজারে মহিলার বাপের বাড়িতে থাকত সেই নাবালক। পরে রাতে কাজ থেকে ফেরার পথে জয়া ছেলেকে নিয়ে যান। কিন্তু গতকাল ফোন করেও জয়া প্রামাণিককে না পাওয়ায় তাঁরা এসে দেখেন, জয়ার নিথর রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর যায় দমদম থানায় পুলিশে। দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে দমদম থানার পুলিশ। এলাকাবাসীর দাবি মহিলার পরকীয়া ছিল। তবে কি তার জন্যই খুন? তদন্ত করে দেখছে পুলিশ।
