মোহনবাগান: ১ (সামির জেলকোভিচ) ইস্টবেঙ্গল: ০

খবর অনলাইন ডেস্ক: ডুরান্ড কাপের ফাইনালে হারের বদলা আইএফএ শিল্ডের ফাইনালে নিল মোহনবাগান। যুবভারতীতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ২২তম বার আইএফএ শিল্ড জিতল সবুজ-মেরুন। জয়সূচক গোলটি করেন বিদেশি সামির জেলকোভিচ। প্রথমার্ধের শেষ দিকে তাঁর গোলেই ম্যাচের ফয়সালা হয়ে যায়।

– বিজ্ঞাপন –

ডুরান্ডের ফাইনালে আন্তোনিয়ো লোপেজ় হাবাসের ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। এ বার শিল্ডের ফাইনালে পানাজিয়োটিস দিমপেরিসের দল হারাল হাবাসের দলকে। তবে ডুরান্ড ফাইনালের মতো এই ম্যাচে ভাল ফুটবল দেখা গেল না। বরং শুরু থেকেই দুই দলকে বেশ ক্লান্ত মনে হয়েছে। বার বার ভুল পাস, আক্রমণে সমন্বয়ের অভাব—ছন্নছাড়া ফুটবলেরই সাক্ষী থাকল যুবভারতী।

শুরুতে আক্রমণ বেশি ইস্টবেঙ্গলের

শুরুতে অবশ্য ইস্টবেঙ্গলই বেশি আক্রমণাত্মক ছিল। ম্যাচের প্রথম দিকেই একা বিশাল কাইথকে পেয়েও গোল করতে পারেননি এডমুন্ড লালরিনডিকা। গত ডার্বিতে হ্যাটট্রিক করা ইস্টবেঙ্গল স্ট্রাইকারের শট আটকে দেন বিশাল। ১২ মিনিটে বিপিন সিংহের শটও গোলের মুখ দেখেনি।

এর পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মোহনবাগান। ২৩ মিনিটে অভিষেকের ক্রস থেকে হেড করেছিলেন মেহতাব সিংহ। কিন্তু সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। বিরতির আগে ছাংতে ও সাহালের দূরপাল্লার শটও রুখে দেন লাচেনপা।

গোল করার ঠিক আগের মুহূর্তে জেলকোভিচ।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল বাগানের

শেষপর্যন্ত প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল পায় বাগান। জেলকোভিচের পাস থেকে আক্রমণ তৈরি হয়। আরউইনের পাস ধরে সাহালের ভাসানো ক্রস বুকে নিয়ন্ত্রণ করে গোল করেন জেলকোভিচ। তাঁকে মার্ক করতে পারেনি ইস্টবেঙ্গলের রক্ষণ। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে খেলার মান আরও নেমে যায়। ইস্টবেঙ্গল সমতা ফেরানোর চেষ্টা করলেও আক্রমণে সেই ধার দেখা যায়নি। হাবাস একে একে পিভি বিষ্ণু, ক্রিস ইকনমিডিস, আকে লোবা-সহ একাধিক ফুটবলারকে নামিয়েও ম্যাচের ছবি বদলাতে পারেননি।

আইএফএ শিল্ডজয়ী মোহনবাগান।

গোলের দরজা খুলতে পারল না লাল-হলুদ

৬৭ মিনিটে জিয়োলিনস্কির হেড দুর্দান্ত দক্ষতায় বাঁচান বিশাল কাইথ। এর পরেও ইস্টবেঙ্গল চাপ তৈরি করার চেষ্টা করে। কিন্তু শেষ পাস এবং ফিনিশিংয়ে বার বার ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ দিকে পুরোপুরি রক্ষণে চলে যায় মোহনবাগান। সাত মিনিট সংযুক্তি সময় পেলেও গোলের দরজা খুলতে পারেনি ইস্টবেঙ্গল।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মোহনবাগান। ডুরান্ডের যন্ত্রণা ভুলে আইএফএ শিল্ড উঠল গঙ্গাপাড়ের তাঁবুতে।

ছবি: সঞ্জয় হাজরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *