দ্বিতীয় দফার বিধানসভা ভোটে অংশ নিতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ ভোটার। বুধবার সাতটি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ভোটপর্বকে সামনে রেখে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে নির্দিষ্ট ১২টি পরিচয়পত্রের যেকোনও একটি সঙ্গে রাখলেই ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব। ফলে যাঁদের কাছে ভোটার কার্ড নেই বা হারিয়ে গেছে, তাঁদেরও আর চিন্তার কারণ নেই।

এই ১২টি নথির মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত সচিত্র নথি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, ১০০ দিনের কাজের জব কার্ড, সরকারি কর্মীদের পরিচয়পত্র, শ্রম মন্ত্রকের স্মার্ট কার্ড, স্বাস্থ্যবিমা প্রকল্পের কার্ড, সাংসদ বা বিধায়কদের দেওয়া পরিচয়পত্র এবং বিশেষভাবে সক্ষমদের পরিচয়পত্র।

এছাড়াও ভোট দিতে যাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে কমিশন। বুথের ভিতরে মোবাইল ফোন বা অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তবে বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে নিরাপত্তার কারণে আগ্নেয়াস্ত্র বা ইলেকট্রনিক ডিভাইস নিয়েও প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে কমিশনের এই নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ভোটারদের সময়মতো বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *