পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী জুলাই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ কনসার্ট—‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই মেগা ইভেন্টে গান গাইতে যাবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি, ‘নগরবাউল’ খ্যাত জেমস।

কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে গতকাল রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়েছে।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি ঘিরে লিসবনে প্রবাসীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তার কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন।

আয়োজক প্রতিষ্ঠান কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা জানিয়েছে, দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো সীমিত সংখ্যক, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্তুগালে এটিই হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় ও জমকালো বাংলা কনসার্ট। জেমসের মতো আন্তর্জাতিক মানের শিল্পী পর্তুগালে আসায় কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ আনন্দে মেতে উঠবে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্তুগালের গনমাধ্যমকর্মী, কমিউনিটি ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী ও সংস্কৃতিমনা ব্যক্তিগণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *