পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে এখন বড় প্রশ্ন— কত দফায় হবে ভোট এবং কবে ঘোষণা হবে নির্ঘণ্ট? নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দুই দিনের বৈঠকের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই জল্পনার আংশিক উত্তর দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেই ঠিক করা হবে ভোটের দফা।
গত রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছয়। এরপর সোমবার দিনভর রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কমিশনের সদস্যরা। রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন নির্বাচন কমিশনের কর্তারা।
সব বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার জানান, সব দলের মতামত শোনা হয়েছে। দিল্লি ফিরে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করেই কমিশন সিদ্ধান্ত নেবে, বাংলায় কত দফায় ভোট হবে।
ভোট পরিচালনায় যুক্ত প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তাও দেন তিনি। জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচনের কাজে যুক্ত সবাইকে শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করতে হবে। কোনও আধিকারিক যদি রাজনৈতিক দল বা নেতার নির্দেশে কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার অভিযোগ উঠলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে বলেও জানান মুখ্য নির্বাচন কমিশনার। এমন অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রতিটি ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। ভোটারদের বুথে প্রবেশের আগে নির্দিষ্ট স্থানে মোবাইল ফোন রাখতে হবে। পাশাপাশি ইভিএম মেশিনে প্রার্থীদের রঙিন ছবিও থাকবে, যাতে ভোটারদের বিভ্রান্তির সুযোগ কমে।
কমিশন সূত্রে ইঙ্গিত, আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ফলে কবে থেকে শুরু হবে ভোট এবং কত দফায় হবে নির্বাচন— এখন সেই ঘোষণার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল।
