রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে পূর্বাভাস।
আবহাওয়া দফতরের মতে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে কিছু জেলায় কালবৈশাখী পরিস্থিতিরও আশঙ্কা রয়েছে।
বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়া পরিবর্তনের পেছনে বড় কারণ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করা বিপুল পরিমাণ জলীয় বাষ্প। সমুদ্র থেকে আসা আর্দ্র বাতাসের সঙ্গে তাপমাত্রার ওঠানামা মিলেই বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি করছে। তার ফলেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে কলকাতার ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শহরে দূষণের মাত্রা তুলনামূলক বেশি থাকায় বৃষ্টির মেঘ তৈরি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে। অর্থাৎ মেঘ জমলেও তা থেকে পর্যাপ্ত বৃষ্টি নাও হতে পারে। দূষণের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা ও আর্দ্রতার ভারসাম্যে পরিবর্তন ঘটে, যার ফলে মেঘের গঠন অনেক সময় স্থায়ী হয় না।
এই প্রতিবেদনটিও পড়তে পারেন: ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় বাধা হতে পারে দূষণ, বলছেন আবহাওয়াবিদরা
কলকাতার আকাশ রবিবার সকালে পরিষ্কার থাকলেও দিনের দিকে আংশিক মেঘলা হতে পারে। সোমবার বা মঙ্গলবার শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কতটা কার্যকর হবে, তা অনেকটাই নির্ভর করছে বায়ুমণ্ডলের দূষণের মাত্রার উপর।
তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বেড়েছে। ফলে শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় দূষণের মাত্রা এই বৃষ্টির প্রভাবকে কিছুটা কমিয়ে দিতে পারে।
