ডিজিটাল মাধ্যমে ইনফ্লুয়েনশরদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কম সময়ে জোরদার প্রচারের জন্য বহু সংস্থা ও ব্র্যান্ড এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনশরদের উপর নির্ভর করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ভারতে তৈরি হয়েছে দেশের প্রথম এআই ইনফ্লুয়েনশর— নয়না অবতার।
২০২২ সালে ভারতের প্রথম কনটেন্ট-ভিত্তিক মেটা ইনফ্লুয়েনশর সংস্থা অ্যাভটার মেটা ল্যাবস তৈরি করে নয়নাকে। বাস্তব মানুষের মতো দেখতে এই ভার্চুয়াল চরিত্রকে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে। মানুষের মতো অভিব্যক্তি, আচার-আচরণ এবং কথোপকথনের দক্ষতাও রয়েছে তার।
ভার্চুয়াল ইনফ্লুয়েনশররা মূলত কম্পিউটার-নির্মিত কাল্পনিক চরিত্র হলেও সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি একেবারেই সক্রিয় ও প্রভাবশালী। নয়নাও বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে। ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখে, ট্রেন্ডিং বিষয় নিয়ে মতামত জানায়।
বর্তমানে নয়নার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা প্রায় ৩.৭৫ লাখ। ফিটনেস ও ফ্যাশন টিপস দেওয়ার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারেও দেখা গেছে তাকে। নাইকা, পুমা এবং পেপসি-র মতো সংস্থার প্রচারে অংশ নিয়েছে নয়না।
ডিজিটাল বিপণনের ক্ষেত্রে ভার্চুয়াল ইনফ্লুয়েনশরদের ব্যবহার ব্র্যান্ডগুলিকে একটি নিয়ন্ত্রিত ও ঝুঁকিমুক্ত প্ল্যাটফর্ম দেয়। ব্যক্তিগত বিতর্ক বা ইমেজ সংকটের সম্ভাবনা কম থাকায় অনেক সংস্থাই এআই-চালিত প্রচারের দিকে ঝুঁকছে।
বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ভারতে এআই ইনফ্লুয়েনশিং আরও বিস্তার লাভ করবে। সেই পথিকৃত হিসেবেই উঠে এসেছে নয়না অবতার।
আরও পড়ুন: কেন মৃত ব্যক্তির আধার কার্ড সচল রাখা বিপজ্জনক? জেনে নিন নিষ্ক্রিয় করার অনলাইন পদ্ধতি
