বিশ্বজুড়ে চলা সংঘাত এবং তার জেরে সার ও খাদ্যশস্য সরবরাহে বিঘ্নের কারণে আগামী মাসগুলিতে বড় ধরনের খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ইউক্রেন এবং ইরান-গাল্ফ সংঘাতের প্রভাব উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিতে গুরুতর চাপ তৈরি করছে।
জয়শঙ্করের বক্তব্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে উল্লেখযোগ্য সার-সংকট তৈরি হয়েছে। পশ্চিম এশিয়া ও রাশিয়ায় সার উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র থাকায় সংঘাতের প্রভাব সরাসরি কৃষি উৎপাদন ব্যবস্থায় পড়ছে। একইসঙ্গে বড় শস্য রফতানিকারক দেশগুলি থেকে খাদ্যশস্যের চালান পাঠানোও বাধার মুখে পড়তে পারে, বিশেষ করে কৃষ্ণসাগরীয় অঞ্চলের সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
– বিজ্ঞাপন –
এর পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন এবং সম্ভাব্য ‘সুপার এল নিনো’ পরিস্থিতিও খাদ্য উৎপাদনের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তাঁর মতে, জ্বালানি, খাদ্য, সার এবং অর্থ—এই চারটি ক্ষেত্রের সংকট একসঙ্গে উন্নয়নশীল দেশগুলির উপর বড় চাপ তৈরি করছে।
বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়শঙ্কর বলেন, চলমান সংঘাতের প্রভাব সংশ্লিষ্ট দেশগুলির সীমানার বাইরেও ছড়িয়ে পড়ছে। খাদ্য ও জ্বালানি সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক অর্থপ্রবাহেও এর প্রভাব পড়ছে বলে তিনি জানান।
