Odlabari: পরপর দু’রাতে বাড়িতে ঢুকে গৃহবধূদের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে সুভাষপল্লিতে এবং দ্বিতীয় ঘটনাটি চেল কলোনিতে। ঘটনাটি ঘটে গত রাতে ওদলাবাড়ির চেল কলোনিতে। স্থানীয় বাসিন্দা মুক্তি রায়ের স্বামী ও ছেলে ফুটবল টুর্নামেন্ট দেখতে বাইরে থাকাকালীন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট নাগাদ ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতী। ঘরের জিনিসপত্র হাতিয়ে কিছু না পেয়ে ঘুমন্ত মুক্তি রায়ের মাথায় ভারী কোনো ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে সে। রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। মুক্তি রায়কে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর মাথায় ১৩টি সেলাই দিতে হয়েছে।
