জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মন্তব্য করেছেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন আয়োজন করলে সেই নির্বাচনই প্রশ্নবিদ্ধ হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে নায়েবে আমির বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে আমি শঙ্কা দেখছি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হলে তা প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তি অনুযায়ী সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হওয়া উচিত।’
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া দরকার। কারণ, গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই সমস্যার সমাধান করতে পারে।’
ভারতে অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে নায়েবে আমির জানান, ‘আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। চিকিৎসার জন্যও কিছু সময় পেয়েছিলাম। কিন্তু আমার নামে গুজব ছড়ানো হচ্ছে—এসব সম্পূর্ণ ভিত্তিহীন। এখন তো এআই ব্যবহার করে ভিডিও বানিয়ে যেকোনো কিছু দেখানো সম্ভব। মানুষ কিন্তু এসব বোঝে।’
৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সরকারি প্রতিনিধিদলের সঙ্গে অংশ হিসেবে নিউইয়র্কে গেছেন পাঁচজন রাজনৈতিক নেতা। তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। এ ছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।
