রাজশাহীর ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএলের উদ্বোধনী ম্যাচে পারভেজ ইমনের ৬৫ রানের দুর্দান্ত ইনিংস সিলেটকে জয় এনে দিতে পারেনি। তবে গতকাল তার ৬০ রানের ইনিংসে ইমন জিতিয়েছেন সিলেটকে।
গত রাতে নোয়াখালী এক্সপ্রেসের ছুড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স। পারভেজ ইমন সেখান থেকে ৪১ বলে ৬০ রানের ইনিংস দিয়ে দলকে টেনে তোলেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৮৩ রানের জুটি বেঁধে জয়ের দিকে নিয়ে যান ইমন। ১২২ রানের মাথায় তার ৬ বাউন্ডারি ও ২ ছক্কার ইনিংসটি থামার পর মিরাজও আউট হয়ে যান ১২৫ রানের মাথায়। এই রানে আরও দুই উইকেট হারালে জমে যায় ম্যাচ। শেষ ওভারে ১৩ রান দরকার পড়লে ব্রুকস ছক্কা ও চারে সমীকরণ করেন ২ বলে ২ রান। শেষ পর্যন্ত এক উইকেটের জয় পায় সিলেট।
